
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের ভবানীপুরে সংরক্ষিত আকাশমনি বাগান দখল করে রাস্তা নির্মাণের তোড়জোড় করছে প্রীতি গ্রুপ নামের একটি শিল্প-প্রতিষ্ঠান।
ভাওয়াল রেঞ্জ ও ভবানীপুর বিট কর্মকর্তারা আরসিসি খুঁটি পুঁতে রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করলেও তাদের দৌরাত্ম্য থামছে না।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভবানীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হামজা কেমিক্যাল কারখানার পূর্ব পাশে প্রীতি গ্রুপের নির্মাণাধীন প্রজেক্ট। সেখানে নির্মাণ সামগ্রী ও প্রস্তাবিত কারখানার পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের চেষ্টা চলছিল।
সম্প্রতি হামজা কেমিক্যালের দক্ষিণ পাশের সিএস ১২৫৭ নং দাগের সংরক্ষিত আকাশমনি বাগানে তাদের নজর পড়ে।
কয়েক দিন আগে প্রীতি গ্রুপের পক্ষে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাগানের ভেতর দিয়ে ২০০ ফুট দৈর্ঘ্যরে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। গভীর রাতে মাটি ও বালু ফেলে নিচু অংশ ভরাট করা হয়। এতে বড় ক্ষতির মুখে পড়ে বনাঞ্চল।
খবর পেয়ে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শাখেরা আক্তার শিমু ও ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিনসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। গত ২৬ অক্টোবর রাতে প্রবেশমুখে আরসিসি খুঁটি পুঁতে রাস্তা আটকে দেওয়া হয়।
এবিষয়ে ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ওই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও রাতে কাজের চেষ্টা চলে। জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।