
ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত এইচএমবি ব্রিকস, এনএএম ব্রিকস, ফোর স্টার ব্রিকসসহ ৪টি ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনি ও কিলন ভেঙে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, “অবৈধ ইটভাটায় পরিবেশ ও জেলা প্রশাসনের কোনো ছাড়পত্র নেই। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা জরিমানা করেছি এবং ভাটা ভেঙে বন্ধের নির্দেশ দিয়েছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
তবে স্থানীয়দের অভিযোগ— অভিযান শেষে ভেঙে দেওয়া হলেও একাধিক ইটভাটা আবার গোপনে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে। এতে প্রশ্ন উঠেছে, কার নির্দেশে বা কার প্রভাবে এসব বন্ধ ইটভাটা এত দ্রুত আবার পুনর্গঠন করতে সাহস পাচ্ছে? এলাকাবাসী মনে করছেন, এর পিছনে কোনো অদৃশ্য শক্তি বা প্রভাবশালী মহলের ভূমিকা থাকতে পারে।
স্থানীয় সচেতন মহল বলছে,
“যেখানে সরকারের নির্দেশে ইটভাটা ভাঙা হলো, সেখানে আবার নতুন করে কাজ শুরু কীভাবে হয়? নিশ্চয়ই কোনো শক্তিশালী মহল তাদের আশ্রয় দিচ্ছে। না হলে প্রশাসনের অভিযানকে উপেক্ষা করার সাহস তাদের থাকার কথা নয়।”
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, গোপনে পুনর্গঠন বা চালানোর চেষ্টা করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী চায়— অদৃশ্য শক্তির পেছনের শক্তি বা ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ পরিবেশ ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে না পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।