
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে দীর্ঘদিন ধরে চলা দাদন ব্যবসা ও বাজার নিয়ন্ত্রণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা। নিজেদের বাঁচাতে, খামার রক্ষা করতে এবং ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে শতাধিক খামারি মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন কাজী ফার্মস ভোলা ব্রাঞ্চ অফিসের সামনে ‘প্রান্তিক খামারি রক্ষা পরিষদ’-এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ খামারিরা সড়কে মিছিল করেন।
“আমরা উৎপাদন করি, লোকসানও আমাদের—এটা চলতে পারে না”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—কাজী ফার্মস কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে ভোলার বাজারে মুরগির দামে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করেছে। তারা বলেন, “আপনাদের বাচ্চা ও ফিডের দাম কম—আমরা অনেক বেশি দামে কিনি। কিন্তু বাজারে আপনারা নিয়মিত কম দামে মুরগি বিক্রি করেন। এতে আমরা উৎপাদন করেই লোকসান গুনছি। একের পর এক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে।”
বক্তারা আরও বলেন, ভোলায় প্রায় দশ হাজার খামারি জীবিকা নির্বাহ করেন পোল্ট্রি ব্যবসার ওপর নির্ভর করে। তারা যদি লোকসানে পড়ে খামার বন্ধ করতে বাধ্য হন, তাহলে হাজার হাজার পরিবার পথে বসবে।
৭ দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
খামারিরা দাবি করেছেন—
দাদন ব্যবসা বন্ধ
কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ
বাজারে মুরগির দাম নিয়ন্ত্রণে সমতা আনা
খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি নজরদারি বাড়ানো
বাচ্চা ও ফিডের দাম যৌক্তিক করা
তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন—আগামী সাত কর্মদিবসের মধ্যে কাজী ফার্মস ভোলার পরিস্থিতি বিবেচনা করে সুচিন্তিত সিদ্ধান্ত না নিলে জেলাজুড়ে কঠোর আন্দোলন শুরু হবে।
নায়কের মতো লড়ে যাচ্ছেন প্রান্তিক খামারিরা
মানববন্ধনে বক্তব্য রাখেন—আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল আহসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খানসহ আন্দোলনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান
পরিশেষে, কাজী ফার্মস ভোলা ব্রাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
খামারিদের ভাষায়—
“আমরা জীবন বাঁচাতে লড়ছি। সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও বড় হবে।”
ভারপ্রাপ্ত সম্পাদক : মুসকান সিকদার ইরা | ফোন : 09638919302 | ই-মেইলঃ aporadhshomachar@gmail.com |
কপিরাইট © 2025 অপরাধ সমাচার ডট কম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।