ফেসবুকে ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ পোস্ট করে গ্রেপ্তার হলেন আ’লীগ নেতা প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ১৩ নভেম্বর ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম মতিন মোল্যা (৩৫)। তিনি উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে। মতিন মোল্যা টগরবন্দ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার—যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন ঘোষণার গুজব, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণা। এই ১৩ তারিখে ঢাকা যাওয়ার আহবান জানিয়ে গত বৃহস্পতিবার “মতিন মোল্যা” নামের একটি ফেসবুক আইডি থেকে লেখেন, ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।’ ওই পোস্টের ছবিতে মতিন মোল্যাসহ আরও ১৬ জন ব্যক্তির ছবিও ছিল। পোস্টটি ছড়িয়ে পড়ার একদিন পরই শুক্রবার দিবাগত গভীররাতে মতিন মোল্যাকে গ্রেপ্তার করা হয়। আলফাডাঙ্গা থানা সূত্র জানায়, মতিন মোল্যাকে গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। এতে আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। এই মামলাতেই তাকে আটক দেখানো হয়। ফেসবুকে পোস্ট করা ওই ছবিতে মতিন মোল্যার সাথে অন্য যে ব্যক্তিরা আছেন তাদের মধ্যে টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির ও নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদ রয়েছেন। এ ব্যাপারে ইউপি সদস্য সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ছবিটি তিন থেকে চার বছর আগে তোলা হয়েছিল। তিনি যে ছবিটি পোস্ট করেছেন তার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোন মিল নেই। আমরা এর কিছুই জানি না।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় মতিন মোল্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, উস্কানিমূলক পোস্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: