কক্সবাজারের আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও ইয়াবা সম্রাট মনির আটক প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫ টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির হোসেন (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪বিজিবি) । আটককৃত মনির হোসেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাত ১০ টার দিকে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি—মনির হোসেন ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে উখিয়ার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।” অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং ২০২৪ সালের নভেম্বরে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দায়ের হওয়া মামলায়ও পলাতক ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “ইতিপূর্বে ইয়াবা পাচারে জড়িত অনেক বাংলাদেশি ও রোহিঙ্গা পাচারকারী ধরা পড়লেও তারা মূলত বহনকারী ছিল। এবার সীমান্ত এলাকায় সক্রিয় এক গডফাদারকে আটক করা সম্ভব হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।” তিনি আরও জানান, আটক মনির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: