কুমিল্লায় অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

 কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন লাকসাম-নোয়াখালী রোডে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাহাদাত হোসেন স্বাধীন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সজিব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন লাকসাম-নোয়াখালী রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন স্বাধীন (২৭) লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের বাসিন্দা ও পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের চাল ও কাঁচামাল ব্যবসায়ী মো. কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেল যোগে দুই বন্ধু দৌলতগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এতে একটি সার বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত হোসেন স্বাধীন মারা যান।
এদিকে দুর্ঘটনায় আহত সজিবের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে সার বোঝাই ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।