পুলিশ ক্লিয়ারেন্সে ফি বেড়েছে তিনগুণ, যেসব ফি বাড়ালো সরকার

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

অপরাধ সমাচার ডেক্সঃ

দীর্ঘ ১৩ বছর পর পুলিশ ক্লিয়ারেন্স ফি সহ দ্বৈত নাগরিকত্ব সনদ ও বাংলাদেশের নাগরিকত্ব সনদ এবং স্থায়ী আবাসিক সুবিধা, দত্তক সনদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবার ফি বাড়িয়েছে সরকার। ফি বেড়েছে ২ থেকে ৫ গুণ পর্যন্ত। একই সঙ্গে বিদেশি নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অবস্থান নিয়মিতকরণের ফি বাড়ানো হয়েছে।

সম্প্রতি নাগরিকত্ব ও বিদেশিদের জন্য প্রযোজ্য সেবাগুলোর ফি বৃদ্ধির বিষয়টি জানিয়ে সম্প্রতি পৃথক দুটি পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব পরিপত্রে বলা হয়, সেবার মান উন্নয়নের জন্য এই ফি বৃদ্ধি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ২০১১ সালের ১৫ মার্চ জারি করা পরিপত্র অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ফি ছিল ৫০০ টাকা। এবার তা ৩ গুণ বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের নাগরিকত্ব সনদ ফি আগে ৪ হাজার টাকা ছিল কিন্তু তা ৫ গুণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া ৭ হাজার টাকার স্থায়ী আবাসিক অধিকার ফি বাড়িয়ে ১৫ হাজার এবং ১ হাজার টাকার দত্তক সনদ ফি ৫ গুণ বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, ২০১২ সালের পরিপত্র অনুযায়ী বাংলাদেশে কোনো শিল্পে অথবা ব্যবসায় কমপক্ষে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগকারী বিদেশি নাগরিকের এ দেশে আসতে কোনো ভিসার প্রয়োজন হতো না। বর্তমানে তা বহাল রাখা হয়েছে। তবে অন্য বিদেশিদের, যাদের ভিসা লাগে না (নো ভিসা রিকোয়ার্ড-এনভিআর) সে ক্ষেত্রে ৮০ ডলার ফি লাগবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বৈধতা অর্জনের ফিও লক্ষণীয়ভাবে বাড়িয়েছে। ২০০৭ সাল থেকে বিদেশি নাগরিকদের অবস্থান বৈধ করার জন্য অবৈধ অবস্থানের প্রথম ১৫ দিনের ক্ষেত্রে দৈনিক ফি ছিল ২০০ টাকা। বর্তমানে তা ৫ গুণ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

অবৈধ অবস্থানের মেয়াদ ১৫ দিনের বেশি হলে ৯০ দিন পর্যন্ত ফি ছিল ৫০০ টাকা। তা ৪ গুণ বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। ২০১১ সালে এই ফি প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং ৯০ দিন পর্যন্ত সর্বোচ্চ ৩০ হাজার টাকা ধার্য করা হয়েছিল। বর্তমানে তা বাড়িয়ে প্রতিদিন ৩ হাজার টাকা করা হয়েছে।