বাউল শিল্পীর ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম ও সচেতন নাগরিক সমাজ।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে আলফাডাঙ্গা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এই কঠোর দাবি উত্থাপন করা হয়।
​প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা একটি লিখিত বিবৃতি পেশ করে বলেন, বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি করার দায়ে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসি নিশ্চিত করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে অংশ নেওয়া তাওহীদী জনতার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ওপর যেন কোনো হয়রানি না হয়, সে বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
​লিখিত বক্তব্যে উলামায়ে কেরাম বাউল সাধনার কতিপয় বিশ্বাস ও চর্চাকে ইসলামবিরোধী ও ‘দেহবাদী’ হিসেবে আখ্যা দেন। তাদের অভিযোগ, বাউলরা মসজিদ বা মন্দিরে না গিয়ে কোনো নির্দিষ্ট ধর্ম মানেন না। কোনো কোনো বাউল তাদের মুর্শিদ বা গুরুকে আল্লাহ বা রসূলের সমতুল্য মনে করেন, যা ধর্মীয় বিশ্বাসের চরম বিকৃতি। উলামায়ে কেরাম দাবি করেন, বাউল শিল্পীর কটূক্তি এবং তাদের বিতর্কিত সাধনপদ্ধতি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে।
​এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সংগঠটির সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানউল্লাহ, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাদী জসিম, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ ও খেলাফত যুব মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন প্রমুখ।