রাজারহাটে হিন্দু পরিবারের জমি জবরদখল, প্রশাসনের নীরব ভূমিকা!

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫


কুড়িগ্রাম প্রতিনিধিঃ


‎কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলকাটা গ্রামে একটি হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একদল ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে ওই পরিবারের জমি বেদখল করে নিয়েছে বলে জানা গেছে।

‎ভুক্তভোগী পরিবারের প্রধান শ্রী জিতেন্দ্র নাথ বর্মন (মনভোলা), পিতা মৃত খগেন্দ্রনাথ বর্মন,জানান, ঐ এলাকায় হিন্দু পরিবারের সংখ্যা খুবই কম; তাদের পরিবারসহ মাত্র দুটি পরিবার সেখানে বসবাস করেন। এই সুযোগে একই গ্রামের রাজারকার মোগবুল হোসেনসহ তার আরও ছয় ভাই মিলে গায়ের জোরে তার ১০ শতাংশ জমি দখল করে নিয়েছে।


‎স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক বছর আগে উক্ত জমির ওপর জিতেন্দ্র নাথ বর্মনের পরিবারের একটি ছোট মন্দির ছিল। প্রায় দুই মাস আগে সেটি ভেঙে ফেলে সেখানে বাউন্ডারি নির্মাণ করে জবরদখলকারীরা জায়গাটি নিজেদের দখলে নেয়।

‎এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রকার সাড়া মেলেনি বলে জানিয়েছেন তারা।

‎জিতেন্দ্র নাথ বর্মন অভিযোগ করেন,আমাদের কোনো কথা কেউ শুনছে না। আমরা ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে বহুবার গিয়েও কোনো সহযোগিতা পাইনি।”


‎আইন অনুযায়ী “দলিল যার,জমি তার” সংসদে পাস হওয়া এই আইন বাস্তবায়নে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

তারা বলছেন, অর্থ ও প্রভাবশালীদের দৌরাত্ম্যের কাছে অসহায় হয়ে পড়ছে নিরীহ সাধারণ মানুষ। ভুক্তভোগী পরিবার এখন ন্যায্য অধিকার ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।