র‍্যাবের যৌথ অভিযানে বীরগঞ্জের অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

 দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ থানায় দায়ের হওয়া অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামিকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ও র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত আসামি হলেন, মো. মহিদুল ইসলাম (২৪), পিতা—চাঁন মিয়া, সাং—ছাইলামপুর (টাংগাইলপাড়া), থানা—নকলা, জেলা—শেরপুর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে কৌশলে ভিকটিমকে নানা বাড়িতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে অপকর্ম গোপন রাখতে পুনরায় তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে দীর্ঘদিন বিবাহবহির্ভূত সংসার করে যৌন নির্যাতন চালায়।

একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভিকটিম বিয়ের দাবি জানালে আসামি নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। ভিকটিমের পরিবার বিষয়টি নিয়ে আসামির পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং অপমানজনক আচরণ করে। পরে ভিকটিম নিজেই বীরগঞ্জ থানায় অপহরণপূর্বক ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং–১৫, তাং–১৩/০২/২০২৫)।

ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে র‍্যাব তাকে চিহ্নিত করে গ্রেফতারে সক্ষম হয়।

র‍্যাব জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।