অবশেষে গ্রেপ্তার ‘আলোচিত’ বাংলাদেশী যুগল পর্ন-তারকা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

অপরাধ সমাচার ডেক্সঃ

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এ দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, রবিবার (১৯ অক্টোবর) রাতে তাদের বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।

অনুসন্ধানে জানা যায়, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এই দুই যুগলের বিষয়টি সামনে আনে। প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, কীভাবে এক বাংলাদেশি দম্পতি এডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কীভাবে তরুণ প্রজন্মকে এই খাতে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রতিবেদনে দেখা গেছে, এই যুগলের একজন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এবং চট্টগ্রাম শহর ও আশপাশ থেকেই নিয়মিতভাবে পর্ন ভিডিও আপলোড করা হয়।

অনুসন্ধানে উঠে এসেছে, কিভাবে এই যুগল চট্টগ্রামের ভেতর থেকেই বৈশ্বিক পর্ন বাজারে নিজেদের ‘ব্র্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, দর্শকদের টানছে লক্ষ লক্ষ ডলারের ব্যবসায় এবং তরুণদেরও টানছে একই অন্ধকার জগতে।

শুধু তাই নয়, দ্য ডিসেন্ট অন্তত পাঁচজন নতুন কনটেন্ট নির্মাতা শনাক্ত করেছে, যাদের বেশিরভাগই চট্টগ্রামভিত্তিক, যদিও তাদের কেউই মুখ দেখাননি।