শেরপুরে বিজিবির অভিযানে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার টিলাপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় মদ পাচারের একটি চক্রকে অটো করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১টা ২০ মিনিটে বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও, টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।

আটক করা মদ ও অন্যান্য মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩,২৪,০০০ টাকা। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং যেকোনো অবৈধ কার্যক্রম রোধে কঠোর অবস্থান বজায় রাখছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।