বিএনপি নেতাকে ফেইসবুকে চাঁদাবাজ বলায় ৫০কোটি টাকার মানহানি মামলা

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি। এছাড়াও মামলায় আফজাল হোসেন ও শহীদুল ইসলাম স্বপন নামে দুইজনকে আসামি করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ তিনি মামলাটি দায়ের করেন। ওই আদালতের বিচারক রাকিবুল ইসলাম মামলা আমলে নিয়ে কাশিমপুর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

পরে শওকত হোসেন সরকার গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত তার ছেলের গাড়ির শোরুম থেকে গাড়ি কেনার টাকা লেনদেনের বিষয়টি গোপনে ভিডিও ধারণ করেন আফজাল হোসেন নামে এক ব্যক্তি।

পরে সেটি তার ফেসবুক আইডি থেকে চাঁদাবাজ উল্লেখ করে অপপ্রচার চালান। ষড়যন্ত্রকারীদের এ হীন অপপ্রচারের কারণে মানহানি হওয়ায় আদালতে তিনি ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।