কুমিল্লা অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

 কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছেন নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই নিহত হলেন ২ বন্ধু। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হোসেন (১৯) ও একই গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নাজমুল ও শামীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা সড়কের পাশে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন- নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল তারা। দাউদাকান্দি উপজেলার নতুন বাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ১ দিন আগে সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে!

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত হয়। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।