কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫ গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে জোনায়েদ শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।শুক্রবার(৩ অক্টোবর)বিকেলে উপজেলার তারাশী গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত জোনায়েদ ওই গ্রামের মৃদুল শেখের ছেলে ও পিনজুরী কওমী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র। এলাকাবাসী জানায়, বিকেলে ফাঁকা ঘরে দরজা বন্ধ করে আড়ার সাথে ফাঁস দেয় জোনায়েদ। সন্ধ্যার দিকে তার মা আছিয়া বেগম দরজা বন্ধ দেখে সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় তারা জোনায়েদকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে নিহতের চাচা রাসেল শেখ জানান, কয়েকদিন আগে জোনায়েদ মাদ্রাসা থেকে বাড়ি আসে। এরপর সে আর মাদ্রাসায় ফিরতে চাইছিল না। এ নিয়ে তার মায়ের সাথে মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে মায়ের উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে। এবিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার ও এলাকাবাসীর আবেদনে মরদেহের ময়নাতদন্ত না করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। Download News PhotoCard SHARES দুর্ঘটনা বিষয়: