ভাকুলিয়ায় ড্রেজার আতঙ্ক: বালুদস্যু পলাশের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫ ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ চিহ্নিত বালুদস্যু পলাশের ড্রেজার দৌরাত্ম্যে সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি আর এমনি একটি ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামের বংশী নদীতে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন। স্থানীয়ভাবে ‘চিহ্নিত বালুদস্যু’ হিসেবে পরিচিত পলাশ প্রকাশ্যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিনই বালু লুটে নিচ্ছেন লাখ লাখ টাকা। তার নামে রয়েছে একাধিক মামলা, তবুও থামছে না তার বালু কারবার। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কয়েকটি ড্রেজার মেশিন কাজে লাগিয়ে নদীর বুক চিরে বালু উত্তোলন করছেন পলাশ। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এদিকে সরকারের গুরুত্বপূর্ণ রাজস্ব খাতে ক্ষতি হচ্ছে কোটি টাকারও বেশি। অভিযোগ রয়েছে—চৌহাট ইউনিয়ন ভূমি অফিসের এক নায়েবসহ কিছু কর্মচারীর গোপন সহযোগিতা ছাড়া এভাবে দিনের পর দিন বালুর লুটপাট চলা সম্ভব নয়। আমাদের হাতে থাকা তথ্যে দেখা গেছে, ভূমি অফিসের ওই নায়েবের ছত্রছায়াতেই বংশী নদীতে অবৈধ বালু উত্তোলন আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে, বারবার অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: