ভোলায় বিএনপি–বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র, সাংবাদিকসহ আহত ৪০

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

ভোলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নকে ঘিরে ভোলায় বিএনপি ও বিজেপি (পার্থ)–এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের মনোনয়নের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হন। একই সময় নতুন বাজারে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মনোনয়নের পক্ষে বিজেপির নেতাকর্মীরাও অবস্থান নেন। কিছুক্ষণ পর বিএনপির মিছিল নতুন বাজারের দিকে এগোলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে দৈনিক আজকের ভোলা–এর সহ-সম্পাদক এম. জিলন, নিউজ২৪–এর ক্যামেরাপার্সন রানা ইসলাম ও এক পুলিশ সদস্যসহ বহুজন আহত হন। বিএনপির কর্মীদের ধাওয়ায় বিজেপির নেতাকর্মীরা সরে গেলে বিএনপি কর্মীরা বিজেপি অফিসের অংশবিশেষ ভাঙচুর করে বলে জানা গেছে।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে র‍্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিএনপি পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালায়। এতে আমাদের প্রায় ৩০ জন আহত হয়েছে।”

অপরদিকে জেলা বিএনপি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করে জানায়, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে বিজেপি হামলা চালায়।”সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “সংঘর্ষে বিজেপির ৩০–৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি।”

ঘটনার পর নতুন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।