আশুলিয়ায় বিদেশি রিভলভারসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার- ১ প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫ আশুলিয়া প্রতিনিধিঃ ঢাকা জেলার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মির্জা রুবেল ওরফে সুমন(৪৫) নামে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে জার্মানির তৈরি একটি সচল রিভলভার জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় আশুলিয়ার গৌরীপুর সদরপুর রোডের ন্যাচারাল নার্সারীর পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মির্জা রুবেল ওরফে সুমন টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি খানপাড়া গ্রামের মির্জা বিশু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খানের ছেলে। শুক্রবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তিনি জানান, আশুলিয়ার গৌরীপুর সদরপুর রোডে গাছ ফেলে ডাকাতি করার উদ্দেশ্যে সন্ত্রাসীদের অবস্থানের খবর জানতে পেরে তাৎক্ষণিক সেখানে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহাবুব উল্লাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালালে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করেন। এই সময় পিছু ধাওয়া করে সন্ত্রাসী মির্জা রুবেল ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা জার্মানির তৈরি একটি সচল রিভলভার জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী মির্জা রুবেল ওরফে সুমনের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল মধুপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর থানায় অন্তত ৬টি মামলা রয়েছে। আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: