কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমীর বাড়ৈ (৪০) নামের এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সমীর বাড়ৈ ওই গ্রামের সাধন চন্দ্র বাড়ৈর ছেলে।

সমীরের প্রতিবেশী উত্তম বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টার দিকে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে সমীর খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরতে যায়। সকাল ৮টার দিকে স্থানীয়রা তার নৌকা ও গামছা ভেসালের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। কিন্তু সমীরকে না পেয়ে এলাকাবাসী তল্লাশি শুরু করে। একপর্যায়ে ভেসালের পাশেই পানিতে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমীরের কানের কাছে পোড়া দাগ ও শরীরের বিভিন্ন স্থানের পশম পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”