কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মোরশেদ সম্পাদক ঝুটন

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
কোনাবাড়ী(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম এবং বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি অজয় সরকার ঝুটন।
শনিবার (৮ নভেম্বর) মহানগরীর কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার ঝুটন ও মোঃ তৌফিক ইসলাম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মধ্যাহ্নের পর ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার ঝুটন পান ১৯ ভোট। ১৪ ভোটের ব্যবধানে অজয় সরকার ঝুটন সাধারণ সম্পাদক পদে জয়ী হন।
এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন কালবেলার প্রতিনিধি মানিক মিয়া।