নীলফামারীতে বেপরোয়া বালুবোঝাই ট্রলির ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু 

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

 

নীলফামারী: নীলফামারী জেলার ডিমলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মাওলানা রফিকুল ইসলাম (৬০) বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা সেক্রেটারি ও খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন।

এছাড়াও স্থানীয় সূত্রে আরও জানা যায়, রোববার রফিকুল ইসলাম খালিশা চাপানীর থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়।এসময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।এ সময় তারা সড়ক সংস্কারের দাবি জানান। এমনকি একই সাথে আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিমলা-ডালিয়াসহ সকল সড়ক অবরোধের ঘোষণা দেয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এবিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।