পাটুয়াভাঙ্গা ইউনিয়নে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, জনমনে ক্ষোভ প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অনুযায়ী জন্ম নিবন্ধনের ফি ৫০ টাকা নির্ধারিত থাকলেও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদে এই ফি আদায়ের ক্ষেত্রে চলছে চরম অনিয়ম। স্থানীয়রা অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত, যা সরকারি নির্ধারিত টাকার প্রায় তিনগুণ। সরজমিনে অভিযোগের সত্যতা পরিষদ কার্যালয়ে গিয়ে জানা যায়, জন্ম নিবন্ধন কার্যক্রমের দায়িত্বে থাকা উদ্যোক্তা রাবেয়া আক্তার সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নিচ্ছেন। সরকারি নীতিমালা অনুযায়ী নবজাতকের জন্ম নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা থাকলেও, বাস্তবে সেখানেও নেওয়া হচ্ছে ৭০ টাকা পর্যন্ত। মাইজহাটি গ্রামের এক নারী ক্ষোভ প্রকাশ করে জানান, “দুই নাতির জন্ম নিবন্ধন করতে ৩০০ টাকা দিতে হয়েছে, অথচ সরকারের নিয়ম অনুযায়ী ১০০ টাকায় কাজটি শেষ হওয়ার কথা। অন্য এক নারী নবজাতক সন্তান কোলে নিয়ে বলেন, “সরকার তো বলছে ফ্রি, তবুও ৭০ টাকা দিতে হলো। প্রশাসনের অনুপস্থিতি ও অস্পষ্টতা ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনকে পাওয়া যায়নি। তবে প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান সুরুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, “হ্যাঁ, ১৪০ থেকে ১৫০ টাকা নেওয়া হয়।” কিন্তু এ বিষয়ে কোনো সরকারি অনুমোদন বা পরিপত্র আছে কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এদিকে স্থানীয়দের অভিযোগ— বছরের পর বছর ধরে এভাবেই অতিরিক্ত ফি আদায় চলছে, কিন্তু প্রশাসনের তদারকি নেই। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: