পীরগাছায় কৃষকের ধান কেটে টিনের চালা তুলে দখলের চেষ্টা, থানায় অভিযোগ প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫ পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় ২৩ বছর আগে কেনা জমি জোরপূর্বক দখল, টিনের চালা উত্তোলন ও পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মোঃ জমির উদ্দিন দীর্ঘ ২৩ বছর আগে ক্রয়কৃত জমিতে নিয়মিত ধান চাষ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি প্রতিবেশী কাজী আলীর ছেলে আলী হোসেনসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নিয়ে যায় এবং সেখানে স্থাপিত টিনের চালা তুলে দখলের চেষ্টা চালায়। ভুক্তভোগী মোঃ জমির উদ্দিন বলেন, “আমি এই জমির বৈধ মালিক, দলিল-মালিকানা আমার নামে। কিন্তু আমার অনুপস্থিতির সুযোগে আলী হোসেন ও তার সহযোগীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে ধান কেটে নেয় এবং টিনের চালা তুলে দখলের চেষ্টা করেছে। আমি ইতোমধ্যে পীরগাছা থানায় লিখিত অভিযোগ করেছি। ন্যায়বিচার চাই।” অভিযুক্ত আলী হোসেনের মা আলেয়া খাতুন বলেন, “আমার ছেলে জমিটি ক্রয় করেছে, তাই আমরা আমাদের চালা তুলেছি।” তবে ধান কেটে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে স্থানীয়রা জানান, জমিটি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: