পীরগাছায় পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় পরিবার পরিকল্পনা বিভাগের নন-ক্যাডার কর্মচারীদের নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এ বিভাগের বঞ্চিত পরিদর্শক, পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা।

পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. হৈমন্তী সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক (এফপিআই) মো. একরামুল হক, পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (এফডব্লিউভি) মোছা. রিক্তা বেগম এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) মোছা. আছিয়া ইয়াসমিন।

বক্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগ বিধিমালা চূড়ান্ত ও বাস্তবায়নের দাবিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।

এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. হৈমন্তী সরকার বলেন, “আমরা আন্তরিকভাবে বিষয়টি দেখছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।