শাশুড়ীকে ধর্ষণের অভিযোগে মামলা জামাতার বিরুদ্ধে!

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জামাতা(মেয়ের জামাই) বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত জামাতার বিরুদ্ধে কাউনিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জামাতা (৫০) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় ২৫ দিন আগে স্ত্রী চাকরির সুবাদে ঢাকায় চলে যান। এর সুযোগে শাশুড়িকে দুই দফায় ধর্ষণ করেন তিনি। সর্বশেষ ৮ অক্টোবর ওই নারীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন।

লজ্জায় ভুক্তভোগী নারী ঘটনা গোপন রেখে কয়েক দিন আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে ঢাকা থেকে মেয়ে বাড়ি ফেরার পর মায়ের মুখে ঘটনা জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে স্ত্রী ও শাশুড়িকে ভয়ভীতি দেখান জামাতা। এ নিয়ে গতকাল শুক্রবার ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগে আজ শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।