শ্রীপুরে মাদক নির্মূল নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ শ্রীপুর প্রতিনিধি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক সমস্যার সমাধান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কাওরাইদ ইউনিয়নের রেলগেইট সংলগ্ন বটতলা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কাওরাইদ ইউনিয়নের মাদক, জমি দখল, চুরি-ডাকাতি, সামাজিক নিরাপত্তা ও নেতৃত্বের অপব্যবহারসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম। তিনি মাদক বিক্রেতা ও সেবীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী সাত দিন সময় দিয়ে গেলাম। যারা মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত, তারা এখনই ভালো হয়ে যান। অন্যথায় তাদের কেউ বাসায় ঘুমাতে পারবে না সব মাদক ব্যবসায়ীর স্থান হবে হাজতখানায়।” ওসি বারিক আরও বলেন, “মাদকমুক্ত কাওরাইদ গড়ে তোলার জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সমাজের সবাইকে মাদকবিরোধী আন্দোলনে অংশ নিতে হবে।” সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব। তিনি বলেন, “কাওরাইদে কোনো মাদক ব্যবসা, জমি দখল বা নেতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার সহ্য করা হবে না।” কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফতাব উদ্দিন আতার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহাবউদ্দিন বিএসসির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খাইরুল কবির মন্ডল আজাদ, ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মন্ডল, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক রাতুল মন্ডল এবং কাওরাইদ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী। সভায় বক্তারা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: