কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৫ ডিগ্রি

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে ৩০.২ থেকে ৩০.৫ ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। ফলে জেলার জনজীবনে অনুভূত হচ্ছে একই সঙ্গে শীত ও গরমের মিশ্র আবহাওয়া।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন মঙ্গলবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

কুড়িগ্রাম জেলা সদরের পৌর এলাকার অটোচালক মোহাম্মদ আলী বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা স্পষ্ট দেখা যায় না।

ধরলার ব্রিজ পাড়ে চান্দের বাজার এলাকার বাসিন্দা মোঃ শাহে আলম বলেন, সকাল বেলা খুব ঠান্ডা লাগে। শীতের কাপড় না পরলে থাকা যায় না।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। নভেম্বরের শেষে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে কুড়িগ্রাম ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।