৫ ঘন্টা পর চোরাবালি থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫ আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর চরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চোরাবালিতে আটকে থাকা মো. হাবিবুল্লাহ (৩৩) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার হওয়া মো. হাবিবুল্লাহ উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের মৃত. আলিমুল্লাহর ছোট ছেলে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি উপজেলার দিগনগর গ্রামের মধুমতি নদীর চরের চোরাবালিতে আটকে পড়েন। চোরাবালিতে তিনি প্রায় বুক সমান ডুবে গিয়েছিলেন। স্থানীয় এলাকা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ আটকা পড়ার পর স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু চোরাবালির গভীরতার কারণে তারা ব্যর্থ হন। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি দ্রুত আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালকে জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও রাসেল ইকবাল আলফাডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির চাপ প্রয়োগের বিশেষ কৌশল অবলম্বন করেন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর যুবকটিকে চোরাবালি থেকে সফলভাবে উপরে তুলে আনা সম্ভব হয়। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মধুমতি নদীর চরের চোরাবালিতে এক যুবক আটকা পড়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। আল্লাহর রহমতে এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় যুবকটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছি। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: