কাউনিয়ায় কোটি টাকার রাস্তায় হাতেই উঠছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে অন্দানগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় হয়েছে এক কোটি ১৭ লাখ টাকা। তবে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে ওই রাস্তার কার্পেটিং।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি হাত দিয়ে সহজেই রাস্তার কার্পেটিং অংশ উঠিয়ে ফেলছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও ক্ষোভমিশ্রিত প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, কোটি টাকার এই প্রকল্পে কীভাবে এমন নিম্নমানের কাজ হতে পারে।

সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী এস.ও. মোস্তাফিজ বলেন, কাজ শেষ হওয়ার সাত দিন হয়েছে মাত্র, এখনো রাস্তা গরম রয়েছে। তাই কিছু অংশ হাত দিয়ে উঠছিল।তবে স্থানীয়দের দাবি, প্রকল্পের টাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়েই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।