ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার — নেত্রকোনায় চাঞ্চল্য

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার ঘাটুয়া গ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ (২৫) মানসিক ভারসাম্যহীন। শনিবার রাতে খাবার খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান মোস্তফা। একপর্যায়ে সাজ্জাদ হঠাৎ ঘরে ঢুকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান।

এবিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।