“ভোলায় এনসিপি সমন্বয় সভা: হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে ঐক্য, উন্নয়নে জনগণের অংশগ্রহণের আহ্বান”

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

ভোলা প্রতিনিধিঃ

ভোলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় সভায় নেতৃবৃন্দ রাজনৈতিক ঐক্য, সুশাসন ও উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় দক্ষিণাঞ্চলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি আদর্শিক, জনগণের কল্যাণে নিবেদিত রাজনৈতিক সংগঠন। রাজনীতির উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন: “যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদেরকে নৈতিক ও আদর্শ নেতৃত্বের মাধ্যমে সংগঠিত করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল; ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল); ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা–গবেষণা সম্পাদক; আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক; এবং মেসবাহ কামাল, যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল); রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য; ও আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সভায় সভাপতিত্ব করেন মো. মেহেদী হাসান শরীফ, প্রধান সমন্বয়কারী, এনসিপি ভোলা জেলা।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং তৃণমূল পর্যায়ে সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা আরও বলেন, “একতা, শৃঙ্খলা ও আদর্শচেতনার সমন্বয়েই গড়ে উঠতে পারে শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এনসিপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

সভায় ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।