মুন্সিগঞ্জ আ.লীগের মিছিলের ঘটনায় ৯৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১০ প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫ মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ৯৫ জনের বিরুদ্ধে। মামলার পর থেকে এলাকায় টানা অভিযানে নেমে ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে সিরাজদিখান থানার উপপরিদর্শক নাহিদ মাসুদের দায়ের করা মামলায় স্থানীয় যুবলীগ–ছাত্রলীগের ৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আরও ৪০–৫০ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ওসি মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এতে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দশজনকে ধরা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— মো. মন্টু ভূইয়া (৩০), মো. নাইম শেখ উজ্জল (২২), মো. হায়দার শেখ (২২), রহিম শেখ (২৪), মো. মকবুল হোসেন (৫৪), ইউসুফ শেখ (৪৯), বাচ্চু সরকার (৪৮), আলমগীর হোসেন (৫০), মো. হালিম বেপারী (৩৮) ও মো. সজিব মোল্লা (৩৬)। উল্লেখ্য, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের সমর্থনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল বের করে যুবলীগ–ছাত্রলীগ। অভিযোগ রয়েছে, তখন পুলিশের টহল দলের সামনে থেকেই ওই কর্মসূচি পরিচালনা করা হয়। ঘটনার পর টহল টিমে থাকা উপপরিদর্শক কামরুজ্জামান সিকদার ও দুই কনস্টেবল বাদশা মিয়া এবং সফিকুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: