আলফাডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের কমিটি গঠন নিয়ে বিতর্ক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট’ নামে একটি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি গঠন নিয়ে তীব্র বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছে।
শিক্ষকদের একটি অংশের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সাবেক শিক্ষক নেতৃত্বের সমন্বয়ে গোপনে এই কমিটি গঠন করা হয়েছে, যা শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও দ্বিধাবিভক্তি সৃষ্টি করেছে।
​খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০২৩ সালে গঠিত আওয়ামী লীগ সমর্থিত আলফাডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) জাহাঙ্গীর হোসেন সভাপতি ও আইয়ুব আলী মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ৫ই আগস্টের পর তাদের কার্যকলাপ স্তিমিত হয়ে পড়ে।
এরপর গতকাল রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের একটি অংশ সভা করেন। কমিটি গঠনের সভায় আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক সমিতির নেতৃত্ব ও আওয়ামী লীগের সাবেক পদধারী একাধিক নেতা উপস্থিত ছিলেন।
সভা শেষে গোলাম রসুলকে আহবায়ক এবং ছয়জনকে সদস্য করে ‘এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট’ নামে নতুন এই কমিটি গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, ‘কমিটি গঠনের লক্ষ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়নি। এই কমিটির মাধ্যমে গ্রুপিংয়ের সৃষ্টি করা হয়েছে, যা শিক্ষকদের দ্বিধাবিভক্ত করে ফেলেছে।
‘তারা আরও বলেন, কমিটি গঠনের সভায় একাধিক আওয়ামী লীগের সাবেক পদধারী শিক্ষক উপস্থিত ছিলেন, যা কমিটির অরাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।
​তবে নবগঠিত এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক গোলাম রসুল এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই সংগঠনটি শিক্ষকদের একটি পেশাজীবি অরাজনৈতিক সংগঠন। আমাদের লক্ষ্য এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করা এবং আমরা সেই দিকেই থাকব।
​এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, ‘উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা করবেন বলে আমার নিকট থেকে মৌখিক অনুমতি নেন। কিন্তু এখানে যে শিক্ষকদের একটি পক্ষ কমিটি গঠন করবে এরকম কোনো বিষয় আমাকে জানানো হয়নি।’