আলফাডাঙ্গায় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫ আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আজানসহ মোট ১৭টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে ৫১ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। ইউএনও রাসেল ইকবাল তার বক্তব্যে বলেন, ‘ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।’ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা তামিম আহমেদ ও আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা শামীম রেজা। বক্তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। Download News PhotoCard SHARES শিক্ষা বিষয়: