উৎসবমুখরভাবে বোয়ালমারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫ ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত হতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, যুবদল হচ্ছে বিএনপির শক্তির উৎস। যুব সমাজই পারে আন্দোলনকে সফলতার পথে নিয়ে যেতে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা। তিনি বলেন, যুব সমাজ আজ হতাশ। তাদের সামনে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। যুবদল হচ্ছে সেই শক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ায়। সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঐক্যের প্রতীক। আমরা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবো। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহির ইকবাল পিন্টু ঠাকুর। তিনি বলেন, যুবদল মানে সংগ্রাম ও ত্যাগের নাম। নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধন অটুট রাখতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সদস্য সচিব মো. আলামীন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম ও মো. মুজাহিদুল ইসলাম বাবুল প্রমুখ। বক্তারা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। Download News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: