গাজীপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ শফিকুল ইসলাম

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশা করছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মো. শফিকুল ইসলাম।তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব ও সংগঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ডাঃ মোঃ শফিকুল ইসলাম ১৯৬৪ সালের ২৬ ফেব্রুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলার চালা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আঃ কাদির আকন্দ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয়ভাবে শিক্ষাবিস্তার ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করেন।
ডাঃ মোঃ শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ও এমপিএইচ (নিপসম) ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক এবং শ্রীপুরে অবস্থিত আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান এ কে মেমোরিয়াল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান।
রাজনৈতিক জীবনে তিনি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি (২০২২-২০২৫), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক (২০১২-২০১৯) এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর আজীবন সদস্য।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। গিলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবেদ আলী গার্লস হাই স্কুল ও শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের দাতা ও পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন।
ডাঃ মোঃ শফিকুল ইসলাম দুই দফায় (২০০২ ও ২০০৭ সালে) চারদলীয় জোটের প্রার্থী হিসেবে শ্রীপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেন। বিভিন্ন সময়ে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন, যার মধ্যে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের দায়িত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্থানীয় তরুণ উদ্যোক্তা ফারুক হাসান জানান, “তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। তিনি সব সময় সংগঠনের মানুষদের মূল্য দেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেন।” অন্যদিকে গিলার চালা গ্রামের বয়স্ক বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা চাই এমন একজন প্রার্থী যিনি এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকবেন। শফিকুল ইসলাম সেই যোগ্য ব্যক্তি।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ডা. শফিকুল ইসলাম বলেন, “আমি বিএনপি’র প্রতীক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে যেতে চাই। শ্রীপুর তথা গাজীপুর-৩ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, “লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে জীবন উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছি।”
তৃণমূল পর্যায়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, চিকিৎসা পেশায় অবদান এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ—সব মিলিয়ে ডা. মো. শফিকুল ইসলামকে গাজীপুর-৩ আসনের সম্ভাবনাময় বিএনপি প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। জনগণের প্রত্যাশা, যদি তিনি মনোনয়ন পান, তাহলে শ্রীপুরবাসীর উন্নয়ন ও কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।