৯৮ বছর ধরে ২৪ ঘন্টাই কোরআন তেলাওয়াত চলছে মসজিদে প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ টাঙ্গাইল প্রতিনিধিঃ ৯৮ বছর ধরে ২৪ ঘন্টাই কোরআন তেলাওয়াত চলছে মসজিদে! শুনে আশ্চর্য মনে হলেও এমনটিই হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭০০ বছরের পুরনো নওয়াব শাহী জামে মসজিদে। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ব্যাতীত প্রাকৃতিক দুর্যোগ ও মুক্তিযুদ্ধকালীন সময়েও থেমে থাকেনি কোরআন তেলাওয়াত। ৫ জন হাফেজ পালাক্রমে চালিয়ে যাচ্ছেন এ কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত লোকজন ছুটে আসছেন মসজিদটি দেখতে। তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষবিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১১৫ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। প্রায় ১০ কাঠা জায়গার ওপর নির্মিত মসজিদটির চারদিক থেকে চারটি প্রবেশপথ এবং ৯টি জানালা এবং ৩৪টি ছোট ও বড় গম্বুজ রয়েছে। যা দেখতে বেশ আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। একসঙ্গে ২০০ মুসল্লির নামাজ আদায় করতে পারেন এই মসজিদে, মসজিদের পাশেই রয়েছে শানবাঁধানো ঘাট ও কবরস্থান। সেখানে দাফন করা হয়েছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। পীরের নির্দেশনায় কবরের আজাব থেকে মুক্তি পেতে ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে মারা যান এই নবাব বাহাদুর। মসজিদের একপাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও চলছে এ কোরআন তেলাওয়াত। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: