ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ বরিশাল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় ২৩৭টি আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২ টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দলের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও সেখানে উপস্থিত ছিলেন। Download News PhotoCard SHARES রাজনীতি বিষয়: