ভোলায় উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫ ভোলা প্রতিনিধিঃ ভোলায় অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের অন্যতম জনপ্রিয় শিক্ষামূলক আয়োজন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্রগুলো রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে। সকাল থেকেই অভিভাবক ও শিক্ষকরা সন্তানদের উৎসাহ দিতে ভিড় জমান পরীক্ষাকেন্দ্র প্রাঙ্গণে। আয়োজকদের মতে, প্রতি শ্রেণি থেকে তিনটি ক্যাটাগরিতে ১৭ জন করে মোট ১১৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আয়োজক কমিটি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক আয়োজক বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই নয়, নৈতিকতা ও আদর্শেও অনন্য হয়ে উঠুক। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” Download News PhotoCard SHARES শিক্ষা বিষয়: