পটিয়ায় বর্ণিল আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব।

গত রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন বিহারে বর্ণিল আলোকসজ্জা, ফানুস উড়ানো, ধর্মদেশনা, দান ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ ভিক্ষু ও ভক্তবৃন্দরা।

এসময় পটিয়ার কেন্দ্রিয় বৌদ্ধ বিহার,উনাইনপুরা বৌদ্ধ বিহার,শান্তির হাট বৌদ্ধ বিহার, কেলিশহর রাজ বৌদ্ধ বিহার, দক্ষিণ ভূর্ষি মহাবোধি বিহারসহ উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।বিহারগুলোতে ছিল ধর্মীয় আলোচনা, প্রদীপ প্রজ্জ্বলন ও বৌদ্ধ পতাকা উত্তোলনের অনুষ্ঠান।

পটিয়া কেন্দ্রীয় ভিক্ষু ভদন্ত ধর্মবোধি মহাস্থবির সংঘপ্রিয় মহাথেরো বলেন, “প্রবারণা পূর্ণিমা হলো আত্মশুদ্ধি ও পরিশুদ্ধির উৎসব। ভিক্ষুরা আশ্বিন মাসের পূর্ণিমায় বর্ষাবাস শেষে নিজেদের ভুল-ত্রুটি স্বীকার করে প্রবারণা সম্পাদন করেন।”

এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিহার প্রাঙ্গণে ফানুস উড়ানো, ফুল ও প্রদীপের সাজে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।উৎসবে অংশ নিতে দূরদূরান্ত থেকেও ভক্তরা ভিড় জমান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।