“সত্যের পথে নির্ভীক যাত্রা: মিথ্যার মুখে মুফতি ইসমাইল সিরাজী আল মাদানীর দৃঢ় প্রতিবাদ” প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ নিজস্ব প্রতিবেদক- লর্ড ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “Nakee TV নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আমার প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে একটি বিকৃত ও মিথ্যা ভিডিও প্রচার করেছে। এটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং আমার রাজনৈতিক ও ব্যবসায়িক ভাবমূর্তি নষ্ট করার ঘৃণ্য প্রচেষ্টা।” মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী জানান, তার ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোঃ আজিজুর রহমান (পিতা গোলাম মোস্তফা, সেমাইমুড়ি, নোয়াখালী) কানাডা যাওয়ার বিষয়ে যোগাযোগ করেন এবং প্রাথমিকভাবে দুই লক্ষ টাকা জমা দেন। কিন্তু কানাডার বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে যাত্রা বিলম্বিত হওয়ায় মোঃ আজিজুর রহমান নিজেই সিদ্ধান্ত নেন ভ্রমণ স্থগিত করার। তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওই জমাকৃত অর্থ ফেরতের জন্য সংশ্লিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করি, কিন্তু টাকা ফেরত আসেনি। তবুও আমি আমার সদিচ্ছার প্রমাণ হিসেবে আমার নিজের নামে দুটি চেক প্রদান করি। পরবর্তীতে সেই চেকের বিপরীতে আমি ৫০,০০০ টাকা নগদ পরিশোধ করি এবং ১৬ অক্টোবর ২০২৫ তারিখে আরও ৫০,০০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিই। কিন্তু তারা তা না নিয়ে আমার অফিসে প্রবেশ করে মারধর, অশালীন আচরণ ও গালিগালাজ করে অফিসের ভাবমূর্তি নষ্ট করে।” তিনি জানান, এই ঘটনার পরপরই তিনি পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশ উভয় পক্ষকে আলোচনার জন্য ডাকে। কিন্তু অপর পক্ষ থানা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া না দিয়ে উল্টো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী দুঃখ প্রকাশ করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা, পরিশ্রম ও জনগণের ভালোবাসা নিয়ে ব্যবসা করে আসছি। পাশাপাশি ইসলামী আদর্শে সমাজ ও দেশের সেবা করার মানসিকতা থেকেই রাজনীতির পথে এসেছি। অথচ কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সম্ভাবনা দেখে রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে চাচ্ছে। তারা আমার ভাবমূর্তি নষ্ট করতে নামে-বেনামে মিথ্যা পাওনাদার সাজিয়ে ভিডিও তৈরি করছে, যা আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করার নিন্দনীয় প্রচেষ্টা।” তিনি বলেন, “একজন ব্যবসায়ী হিসেবে শত শত মানুষের সঙ্গে লেনদেন থাকে, কখনো বিলম্ব হতে পারে — সেটি ব্যবসার অংশ। কিন্তু বিষয়গুলো আলোচনার মাধ্যমে বা অফিসিয়াল প্রক্রিয়ায় সমাধান করা যেতো। অথচ তারা পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রচার চালাচ্ছে। এটি শুধু আমার নয়, বরং আমাদের দেশের সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী সমাজের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে।” তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “আমি মিথ্যার কাছে মাথা নত করবো না। সত্য ও ন্যায়ের পথে থেকে আমি আমার ব্যবসা, রাজনীতি ও জনগণের আস্থা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আমার জীবনের লক্ষ্য— সৎভাবে পরিশ্রম করে দেশের অর্থনীতি ও ইসলামী সমাজব্যবস্থার উন্নয়নে অবদান রাখা। এই অপপ্রচার আমাকে দুর্বল করতে পারবে না; বরং আরও শক্তিশালী করবে।” শেষে তিনি সকল শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি বিশ্বাস করি, সত্য কখনো পরাজিত হয় না। আমি আমার এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় জনগণের সেবা ও ইসলামের খেদমতে নিজেকে নিবেদিত রাখবো।” তিনি স্পষ্ট করে জানান — ‘আমার জীবন সংগ্রামের প্রতিটি ধাপ সত্য, স্বচ্ছতা ও আল্লাহর উপর পূর্ণ ভরসায় গড়া। মিথ্যা প্রচার আমার পথ রুদ্ধ করতে পারবে না। Download News PhotoCard SHARES অন্যান্য বিষয়: